Bangladesh
আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষে শিল্প পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা ও ব্যাপক ভাঙচুরের মুখে অন্তত ১৩টি তৈরি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর থেকে আশুলিয়ার কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা ভেতরে কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক সংগঠিত হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করেন।এ সময় বিক্ষোভকারীরা কন্টিনেন্টাল ও এআর জিন্সসহ বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে শিল্প পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।আন্দোলনকারীদের হটাতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষ ও ভাঙচুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ এজ, নিট এশিয়া, স্টার্লিং ক্রিয়েশন, কন্টিনেন্টাল ও এআর জিন্সসহ অন্তত ১৩টি কারখানায় শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুরের আশঙ্কায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।/
Discussion
Please Sign In to join the discussion.